মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ


চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তাঁর ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে। শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনে কাজী মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, গত ২১ মার্চ সকালে মিঠাছরা বাজারে তাঁদের মালিকানাধীন ‘আলহাজ কাজী নূর মোহাম্মদ মার্কেট’ জোরপূর্বক দখল করার চেষ্টা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মো. সানজিদ আফফান। এ সময় তাঁর সঙ্গে দুজন সশস্ত্র আনসার সদস্য ছিলেন। ২০২২ সালেও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তাঁদের এই মার্কেটটি জোর করে দখলের চেষ্টা করেছিলেন। সে সময় জসিম উদ্দিন তাঁর বড় ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা করে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যান। ওই ঘটনায় তখন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল বলে জানান কাজী মোহাম্মদ রেজাউল করিম।

কাজী মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তিনি পলাতক। জসিম উদ্দিনের ছেলে সানজিদ আফফান একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক। ঈদের দিন তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন এবং সেটি ধামাচাপা দিতে একুশে টিভিতে সম্মানহানি করার জন্য মিথ্যা সংবাদ প্রচার করেছেন বলে কাজী মোহাম্মদ রেজাউল করিম দাবি করেন।

তবে এই বিষয়ে জানতে চাইলে সানজিদ আফফান বলেন, কাজী মোহাম্মদ রেজাউল করিমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওইদিন মূলত মিঠাছরা বাজারে নিজেদের মার্কেট দেখভাল করতে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে কথাবার্তা শেষ করে আসার সময় উল্টো কাজী মোহাম্মদ রেজাউল করিম তাঁকে গালিগালাজ করেন ও হুমকি দেন বলে পাল্টা অভিযোগ করেন সানজিদ আফফান।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মিঠাছরা বাজারে মার্কেটের মালিকানা নিয়ে সামান্য ঝামেলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে থানায় এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি ফরিদা ইয়াসমিন নিশ্চিত করেছেন।