
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনির ওপর হামলার প্রতিবাদে উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
শুক্রবার বিকেলে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ভিএইড পাবলিক লাইব্রেরি মাঠে দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল মেম্বার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক কামাল মাস্টার, উত্তর জেলা জিসাসের যুগ্ম সম্পাদক নুরুল আলম, ইঞ্জিনিয়ার জাবের হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজান এবং এসকান্দরসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এদিকে একই ঘটনার প্রতিবাদে গত বুধবার দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায়ও মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের সদস্য সচিব এস এ মুরাদ চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ নুর সওদাগর, নুরুল আবছার মেম্বার এবং আলমগীর চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পাশাপাশি জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানের মতো সরফভাটা এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চালানোর দাবি জানান বক্তারা।
অন্যদিকে, আহত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ওসমান গনিকে দেখতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে যান রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ইঞ্জিনিয়ার ওসমান গনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী আহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এমপি হুমাম কাদের চৌধুরী।
উল্লেখ্য, গত রোববার (২২ মার্চ) ঈদুল ফিতরের পরের দিন রাতে নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইঞ্জিনিয়ার ওসমান গনি ও তাঁর মা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় তাঁর পিতাও গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, ভুক্তভোগী পরিবারের সঙ্গে পুলিশের কথা হচ্ছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ নিশ্চিত করেন।
