‘কচুয়াইয়ে চাঁদাবাজদের স্থান হবে না’


চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও তরুণ বিএনপি নেতা মোহাম্মদ বাবর ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দখলবাজদের স্থান কচুয়াই ইউনিয়নে হবে না। শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার পশ্চিম কচুয়াই শ্রীশ্রী মগধেশ্বরী মায়ের মন্দিরের বাৎসরিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ বাবর ফারুকী বলেন, কোনো চাঁদাবাজ যদি আপনাদের এলাকায় আসে, তাহলে ১০-১৫ মিনিট সময় দেবেন। আমরা এসে তাদের আইনের হাতে তুলে দেব এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কচুয়াই ইউনিয়নে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে উল্লেখ করে তিনি জানান, কেউ যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে।

অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মোহাম্মদ বাবর ফারুকী সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কিছুদিন আগে গ্রামের বাড়িতে তিনি একটি পাকা বাড়ি নির্মাণ করেছেন, যাতে নির্বাচিত হলে কেউ যেন বলতে না পারে যে নির্বাচনের পরে তিনি বাড়ি করেছেন। তিনি নিতে আসেননি, বরং জনগণকে দিতে এসেছেন বলে মন্তব্য করেন। জনগণের সমর্থন পেলে কচুয়াই ইউনিয়নকে পুরো বাংলাদেশে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন মোহাম্মদ বাবর ফারুকী।

মহোৎসব আয়োজক কমিটির সভাপতি শ্রী সুজিত পুরোহিতের সভাপতিত্বে এবং শাহেদ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম ফারুকী, বিএনপি নেতা মো. খালেদ ফারুকী, যুবদল নেতা মো. কায়ছার চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো. কানুন ফারুকী, যুবদল নেতা মো. সাইমুন ফারুকী, মো. নেজাম উদ্দিন, মো. নাছির ফারুকী এবং মো. নাছির।