আনোয়ারায় মাদক-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: ইউএনওকে এমপির কড়া নির্দেশ


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মাদক, চাঁদাবাজি ও জুয়া নির্মূলে প্রশাসনের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতারের সঙ্গে এক জরুরি আলোচনায় মিলিত হন। এ সময় সেখানে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাও উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী অ্যাডভোকেট লোকমান শাহ জানান, অনুষ্ঠান শেষে এক অনির্ধারিত আলোচনায় ইউএনও তাহমিনা আকতারকে উদ্দেশ্য করে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারার মাটিতে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা জুয়াড়ির ঠাঁই হবে না। সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে এসব অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আলোচনাকালে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইউএনও তাহমিনা আকতারকে উদ্দেশ করে আরও বলেন, বিশেষ করে চাতরী চৌমুহনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় চাঁদাবাজির যে অভিযোগ শোনা যাচ্ছে, তা দ্রুত বন্ধ করতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম অগ্রাধিকার। কোনো প্রভাবশালী ব্যক্তির সুপারিশে যেন কোনো অপরাধীকে ছেড়ে দেওয়া না হয় এবং মাদক ব্যবসার শিকড় উপড়ে ফেলতে পুলিশ ও প্রশাসনের সমন্বিত অভিযান জোরদার করারও নির্দেশ দেন তিনি।

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের নির্দেশনার প্রেক্ষিতে ইউএনও তাহমিনা আকতার তাঁকে আশ্বস্ত করেন যে, উপজেলা প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে এবং আগামীতে এটি আরও কঠোর হবে। সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাও এ সময় উপস্থিত থেকে আইনগত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করেন।

সংসদ সদস্যের এমন সরাসরি ও কঠোর অবস্থানে আনোয়ারা এলাকার সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে ব্যবসায়ীরা আশা করছেন, চাতরী চৌমুহনীসহ বিভিন্ন হাটবাজারে চাঁদাবাজির যে আতঙ্ক ছিল, প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তা দূরীভূত হবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উপজেলার উন্নয়নে ও অপরাধ দমনে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আসছেন।