বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে তিনটি ডাম্পার ট্রাকসহ তিন চালককে আটক করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাত ৩টার দিকে সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়াদীঘিরপাড় এলাকায় ইজারাবহির্ভূত বালুমহাল থেকে বালু উত্তোলন করে ডাম্পার ট্রাকে পরিবহনের সময় বাঁশখালী থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বালুভর্তি একটি ডাম্পার ট্রাকসহ সাধনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও এলাকার সিরাজুল ইসলামের ছেলে ট্রাকচালক নেজাম উদ্দিনকে আটক করা হয়।

অপরদিকে বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকা থেকে আরও দুটি ডাম্পার ট্রাকসহ আজম খান নামের এক ট্রাকচালককে আটক করা হয়। আটক আজম খান বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত জাকের আহমেদের ছেলে।

এছাড়া পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় একটি ডাম্পার ট্রাকসহ মো. আকাশ নামের আরেক ট্রাকচালককে আটক করা হয়। তিনি ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুদুকখালী গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে।

আটককৃত ট্রাকচালক নেজাম উদ্দিন, আজম খান ও মো. আকাশকে পরবর্তীতে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকনের নিকট সোপর্দ করা হয়। এরপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন নিশ্চিত করেন।