মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে: মেয়র শাহাদাত


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। মাদ্রাসার শিক্ষার্থীরা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও বড় বড় ডিগ্রি অর্জন করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন মাদ্রাসার শিক্ষার্থীরা চান্স পাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক দিক।

তিনি আরও বলেন, আমরা সবাই শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর উম্মত। তাঁর দেখানো পথেই আমাদের সবাইকে হাঁটতে হবে। রাসূল (সা.)-এর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ দেশে উলামায়ে কেরামরা ইসলাম প্রচার করেছেন। অলী-আউলিয়ারা এ দেশের ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে পটিয়া উপজেলার ছনহরা এলাকায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও ওরশ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং এস. এম. সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সংগঠক জিয়াউর রহমান, মো. আখতারুজ্জামান, হাজী আব্দুল গফুর, আব্দুল আলিম মেম্বার প্রমুখ।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, পটিয়া অনেক দূর এগিয়ে গেছে। ইদ্রিস মিয়া যেভাবে পটিয়ার জন্য কাজ করেছেন, তাঁর অবর্তমানে পরবর্তী প্রজন্ম এসে সেই দায়িত্ব গ্রহণ করবে।

সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া বলেন, চিকন খলিফা মাদ্রাসা শিগগিরই দাখিল থেকে আলিমে উন্নীত হওয়ার অনুমতি পাবে। এ মাদ্রাসা সবসময় ভালো ফলাফল করে শীর্ষ অবস্থানে রয়েছে। আমরা চেষ্টা করেছি ইসলামের খেদমতে মাদ্রাসা থেকে কৃতী শিক্ষার্থী গড়ে তুলতে। অনেক শিক্ষার্থী দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।