
নারীদের নিরাপদ জীবন ও মানোন্নয়ন নিশ্চিতে এবং বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারের চকরিয়ায় র্যালি, আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ‘সোচ্চার ইয়ুথ নেটওয়ার্ক, চকরিয়া’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ ও ‘সেভ দ্য চিলড্রেন’।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধের শপথ নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়, যেখানে শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ের কুফল ও যৌন হয়রানির ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তাঁরা এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত সোচ্চার ইয়ুথ নেটওয়ার্কের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকার বিশিষ্টজনেরা জানান, তাঁরা বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে নিজ নিজ এলাকায় সজাগ থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোচ্চার ইয়ুথ নেটওয়ার্কের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দিন তালুকদার, প্রকল্প কর্মকর্তা মিফতা বিনতে ইউছুপ, কৈয়ারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক মাহবুব আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
