মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান


চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেতু’র উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব পুলক কান্তি বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পুষ্পেন্দু বড়ুয়া।

সংগঠনটির সভাপতি সৈকত বড়ুয়া ও সাধারণ সম্পাদক হৃদয় বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা লিনা, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন এবং স্যাট এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক সুমন বড়ুয়া। এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এরপর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।