
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় একটি মসজিদের ছাদ থেকে মোহাম্মদ ফাহিম (৭) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌরসভার মুরাদনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফাহিম চাঁদপুরের এক প্রবাসী দম্পতির সন্তান। সে মুরাদনগর এলাকায় এক আত্মীয়ের বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে মোহাম্মদ ফাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিকেলের দিকে মুরাদনগর গ্রামের ওয়াকিল আহমদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত একটি মসজিদের ছাদে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিশুটির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ ফাহিমের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. আরমান হোসেন আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও মো. আরমান হোসেন নিশ্চিত করেছেন।
