চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়। পদত্যাগ করা দুই শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক পারভীন আক্তার।

পদত্যাগপত্রে অধ্যাপক মো. বজলুর রহমান উল্লেখ করেন, একাডেমিক কাজে ব্যস্ততা বাড়ায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, অপর সহকারী প্রক্টর অধ্যাপক পারভীন আক্তার তাঁর পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই দুই শিক্ষকের পদত্যাগপত্রগুলো হয়তো প্রক্টর অফিসে অনেক আগেই জমা ছিল। কিন্তু রেজিস্ট্রার অফিসের কাছে চিঠিগুলো রোববার বিকেলে পাঠানো হয়েছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, তিনি বিষয়টি উপাচার্যকে জানাবেন এবং এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।