খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু


খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শিলাবৃষ্টির সময় বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (পংচে) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সাইংগুলি পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে গহন কুমার ত্রিপুরা (পংচে) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নিহত গহন কুমার ত্রিপুরা (পংচে) এলাকায় একজন বিনয়ী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এই অকালমৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ভিড় করেন বলে আলমগীর হোসেনের পাঠানো তথ্যে জানা যায়।

এদিকে, আবহাওয়া অফিস ও স্থানীয় প্রশাসন কালবৈশাখীর এই মৌসুমে শিলাবৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে।