দীঘিনালায় সেনা-পুলিশের যৌথ অভিযানে জ্বালানি তেল উদ্ধার


খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুত রাখা ১৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় অবস্থিত ‘আলম স্টোর’ নামের একটি মুদি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’-এর দীঘিনালা জোনের সেনাসদস্যরা এবং দীঘিনালা থানা-পুলিশের টহল দল যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে ১২০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত জ্বালানি তেলসহ দোকানের মালিক মো. আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দীঘিনালা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, অভিযুক্ত মো. আলমের পিতার নাম মো. ইউনুস।

এ বিষয়ে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার জানান, অবৈধভাবে মজুতকৃত ১৫০ লিটার জ্বালানি তেল ইতোমধ্যে জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত মো. আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও এসআই চয়ন হালদার নিশ্চিত করেন।