
পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, তেমনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এ বিষয়ে সচেতন থাকাও সবার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও পরিষদ সংলগ্ন আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ডেঙ্গু প্রতিরোধের এই পরিচ্ছন্নতা অভিযানে সহায়তার হাত বাড়ান উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদ উদ্দিন ভূঁইয়া। এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মী, ফটিকছড়ি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানের সময় ফটিকছড়ির ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, সরকারের নির্দেশনায় এ কাজে অংশগ্রহণ করে বর্ষা মৌসুমের আগেই ব্যক্তি পর্যায়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সাঈদ মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধটাই এখন সবচেয়ে বড় পদক্ষেপ এবং ডেঙ্গু প্রতিরোধে এই সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও আশপাশ পরিষ্কার রাখা।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ডেঙ্গুকে একটি মহামারি হিসেবে উল্লেখ করে বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে মানুষ চরম ঝুঁকির মধ্যে পড়ে। তাই কেউ যাতে আক্রান্ত না হয়, সে জন্য আগে থেকে প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করলে জীবন নিরাপদ হবে। উপজেলা, পৌরসভা ও গ্রামের প্রতিটি পাড়া-মহল্লা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও তিনি জানান। একই সঙ্গে উপজেলা প্রশাসনের আহ্বানে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের জন্য মো. শহীদ উদ্দিন ভূঁইয়াসহ উপস্থিত সবার প্রতি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
