বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রামের এসপি নাজির আহমেদ খান


চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নাজির আহমেদ খানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে এসপি নাজির আহমেদ খানকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি নাজির আহমেদ খান। পরে বাসার কর্মচারীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান যে, নাজির আহমেদ খানের বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।

সিরাজুল ইসলাম আরও জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। এরপরই এসপি নাজির আহমেদ খানকে হেলিকপ্টারে করে দ্রুত ঢাকায় পাঠানো হয় বলে সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন।