আনোয়ারায় তেলের ‘গোপন আড়ত’, ইচ্ছেমতো দাম হাঁকিয়ে পার পেলেন না ফরিদুল


ইচ্ছেমতো তেলের দাম হাঁকানো এবং অবৈধভাবে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে প্রশাসন। চট্টগ্রামের আনোয়ারায় এমন অসাধু কারসাজির দায়ে ফরিদুল আলম নামের এক তেল ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এই ঝটিকা ও বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

স্থানীয়দের দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, ব্যবসায়ী ফরিদুল আলম সরকারি নির্ধারিত মূল্যের কোনো তোয়াক্কা না করে নিজের খেয়ালখুশিমতো তেলের দাম আদায় করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে অবস্থিত তাঁর গোপন আড়ত ও দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে গিয়ে দেখা যায়, সাধারণ মানুষের নাগালের বাইরে তেল সরিয়ে রেখে তিনি রীতিমতো অবৈধ মজুদের পাহাড় গড়ে তুলেছেন এবং গোপনে তা উচ্চমূল্যে বিক্রি করছেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, তেল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে উক্ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যারা পণ্য মজুদ করে বাজার অস্থির করার চেষ্টা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রশাসনের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের এমন তড়িৎ ও যুগোপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা। নিয়মিত এমন কঠোর তদারকি থাকলে অসাধু সিন্ডিকেট আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মনে করছেন তারা।