হাটহাজারীতে নেশা করে শান্তি বিনষ্ট করায় দুইজনের কারাদণ্ড


চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মো. ইসকান্দর (৪৫) ও মো. ইমাম হোসেন (২০) নামের দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকালের দিকে পৌরসভার আব্বাসিয়ারপুল এলাকায় চালানো এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান।

অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় দুই ব্যক্তি মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি নষ্ট করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উপজেলার ফতেপুর ইউনিয়নের বজল আহাম্মদের পুত্র মো. ইসকান্দর এবং হাটহাজারী এলাকার বাসিন্দা মো. ফারুকের পুত্র মো. ইমাম হোসেনকে এই দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, হাটহাজারীর সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।