মিরসরাইয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর পাহাড়ে অবমুক্ত


চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয় থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।

সোমবার দুপুরে বারইয়ারহাট পৌরসভার উত্তর জামালপুর এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিঙ্ক রেসকিউ টিম বাংলাদেশ’।

সংগঠনটির সদস্য তারেক আজিজ জানান, দুপুরে উত্তর জামালপুর এলাকায় একটি বড় সাপ দেখার খবর পেয়ে তাদের হটলাইনে ফোন করেন স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আট ফুট লম্বা এবং প্রায় ২০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন।

এরপর বন বিভাগের সহায়তায় মহামায়া লেক সংলগ্ন পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়।

মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন বলেন, বনাঞ্চলে খাবারের সংকট ও পরিবেশগত কারণে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে। উদ্ধার করা সাপটি সুস্থ অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।