মিরসরাইয়ের টেকেরহাটে বলি খেলার আয়োজন, প্রথম পুরস্কার মোটরসাইকেল


চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় যুবসমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এক বলি খেলার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (৪ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে টেকেরহাট খেলার মাঠে এই প্রতিযোগিতা শুরু হবে। এতে স্থানীয় ও বিভিন্ন এলাকার শক্তিশালী বলিরা অংশ নেবেন।

আয়োজকেরা জানিয়েছেন, এবারের বলি খেলায় উপস্থিত থাকবেন জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন বাঘা শরিফ। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলিদের মধ্যে থাকছেন ফারুক বলি, কামরুল বলি ও বনাই বলি।

আয়োজক কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান জানান, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে টেকেরহাট যুবসমাজের উদ্যোগে বিশাল এই বলি খেলার আয়োজন করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমান আরও জানান, এবারের বলি খেলায় মোট ১০১টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে বাইসাইকেল।

বাঘা শরিফ, ফারুক বলি, কামরুল বলি, বনাই বলি ও আব্দুল্লাহ আল নোমানসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিতব্য এই বলি খেলা ঘিরে এলাকায় ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।