মানিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকা থেকে তাসলিমা আক্তার কাজল (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহত তাসলিমা আক্তার কাজলের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম অভিযোগ করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাঁদের মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত তাসলিমা আক্তার কাজল ও তাঁর স্বামী ইব্রাহীম খলিলের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া হয়। কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিং বা বিমের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাসলিমা আক্তার কাজলকে দেখতে পেয়ে তাঁর শিশুকন্যারা চিৎকার শুরু করে।

এ সময় স্বামী ইব্রাহীম খলিল পাশের একটি ঘরে নাশতা তৈরির কাজে ব্যস্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে লাশটি উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাসলিমা আক্তার কাজলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে তাঁরা হাসপাতালে এসে লাশটি দেখতে পান। লাশের গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে উল্লেখ করে মো. আল আমিন আরও জানান, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ময়নাতদন্ত শেষে বিস্তারিত ঘটনার রহস্য জানা যাবে।