
বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা বারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান পেয়েছেন ৬০ ভোট। অন্যদিকে ৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু জাফর এবং একই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোর্শেদ আলম পেয়েছেন ৫০ ভোট।
এ ছাড়া অন্যান্য পদের মধ্যে সহসাধারণ সম্পাদক পদে কাজী সালাউদ্দীন কাদের চৌধুরী প্রিন্স, অর্থ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম এবং পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট শাহনেওয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মা, আইটি সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জিয়াউল হক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি কার্যকরী সদস্য হিসেবে রাজীব চন্দ্র, উসাই মার্মা এবং আবদুল্লাহ আল মামুন মুন্না নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা জানান, বান্দরবান জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মোট ১২৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১২২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচিতরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উম্যাচিং মার্মা নিশ্চিত করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় তিনি আইনজীবী সমিতির সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এর আগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট আবু তালেব।
