দীঘিনালায় পাহাড়ি সড়কে আটকে পড়া যাত্রীদের সাহায্যে সেনাবাহিনী


খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিতে দুর্গম পাহাড়ি সড়কে আটকে পড়া যানবাহন ও সাধারণ যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘিনালা জোনের আওতাধীন ভৈরবা অটল টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকার সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষ।

খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকি উপেক্ষা করে আটকে পড়া যানবাহনগুলো সরিয়ে নেন এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেন। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনীর এই সময়োপযোগী সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত বলে জানিয়েছেন স্থানীয়রা। সেনাসদস্যদের পেশাদারিত্ব ও মানবিক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

দুর্যোগপূর্ণ এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।