
কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে প্রায় ৯০ হাজার ঘনফুট মাটি লুটের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় জড়িত ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর সহায়তায় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনার লামারপাড়ার ঘোনারপাড়া ও স্কুলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের একটি দল।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা। তিনি জানান, অভিযানে ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর ও ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি অনুমোদন ছাড়া সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ের উপরিভাগের ৮ থেকে ৯টি পৃথক স্থান কেটে প্রায় ৯০ হাজার ঘনফুট মাটি কেটে বিক্রি করেছে লুটেরা চক্র।
অবৈধভাবে পাহাড় কেটে মাটি লুটের সত্যতা পাওয়ায় ঘটনায় জড়িত মোট ২৩ জনকে আসামি করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মুছাইব ইবনে রহমান বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।
