সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে আব্দুল মোমেন (৩৭) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার গভীর রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মোমেন সাতকানিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়াপাড়ার বাসিন্দা মো. জাকারিয়ার ছেলে।

প্রশাসন জানায়, রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে তেমুহানী বিলে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার সঙ্গে জড়িত অবস্থায় আব্দুল মোমেনকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানকে জানানো হলে তাঁর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় মোমেনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জানা গেছে, অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর ফেলে চালকেরা পালিয়ে যান। পরে এস্কেভেটরগুলো বিকল করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইটভাটায় মাটি সরবরাহের কথা স্বীকার করেন।

কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান এই কর্মকর্তা।