
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে রাতের আঁধারে কৃষকের বাঙ্গি ক্ষেতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় এক একর জমির ফসল সম্পূর্ণ তছনছ হয়ে গেছে এবং কৃষকের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩০ মার্চ) রাতের যেকোনো সময় বরইতলী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে কৃষক নুর মোহাম্মদ বাদশা মিয়ার ক্ষেতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক বাদশা মিয়া জানান, সাড়ে তিন মাস আগে এক লাখ টাকার বেশি খরচ করে এক একর জমিতে তিনি বাঙ্গি চাষ করেন। ফলগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়েছিল। কিন্তু সোমবার রাতে কে বা কারা ক্ষেতে ঢুকে সব বাঙ্গি কেটে তছনছ করে দেয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান বাদশা মিয়া। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হারবাং পুলিশ ফাঁড়ির একটি দল এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী ক্ষতিগ্রস্ত বাঙ্গি ক্ষেত পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, “একজন কৃষকের সারা বছরের জীবিকা এক মুহূর্তে এভাবে ধ্বংস করে দেওয়ার ঘটনাটি খুবই অমানবিক এবং নিন্দনীয়।”
তিনি এ ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক নুর মোহাম্মদ বাদশা মিয়া জানিয়েছেন, ফসল ধ্বংসের এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেবেন।
