লোহাগাড়ায় কাভার্ডভ্যান-নোহা সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪


চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যান ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্যাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়েদ উল্যাহ কক্সবাজারের ঈদগাহ উপজেলার ঈদগড় এলাকার সামছুল আলমের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন—নিহতের মা ইয়াসমিন আক্তার (৪০), বোন ফাহিমা আক্তার (২০), ফাহিমার স্বামী ইয়াছির আরাফাত (৩৫) এবং চাচাতো ভাই ইয়াছির আরাফাত (২৫)। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত ফাহিমা আক্তার জানান, তার মা ইয়াসমিন আক্তার পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোহা মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।