
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর একটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফা জান্নাত (৫)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে জসিম উদ্দিন জানান, কয়েক দিন আগে বকেয়া মনি চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে বকেয়া মনি ও তার মামাতো বোন হুজাইফা জান্নাতসহ আরও কয়েকজন মিলে পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় দুই শিশু পুকুরের গভীর অংশে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন অকালমৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
