
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও আইন লঙ্ঘনের দায়ে ৫ ইটভাটা মালিককে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিনব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, ওই ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘন করে আসছিল। অভিযানে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিক জসিম উদ্দিন, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসের মালিক মো. গিয়াস উদ্দিন, চরম্বা রহমানিয়া ব্রিকসের মালিক নাছির উদ্দিন, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের মালিক মফিজুর রহমান এবং মেসার্স শাহ মজিদিয়া ব্রিকসের মালিক নুরুল আলম বাহাদুরকে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়। পরে তাদের কাছ থেকে জরিমানার এই ৩০ লাখ টাকা আদায় করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম র্যাব-৭, আনসার, পুলিশ এবং লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করায় তাদের এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
