
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে আরমান উদ্দিন নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কলিয়াইশ ইউনিয়নে এই অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত ২৭ বছর বয়সী আরমান উদ্দিন ওই ইউনিয়নের কালিয়াইশ গ্রামের মোজাফ্ফর আহামদের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাতকানিয়া থানা পুলিশ এই অভিযানে সার্বিক সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান উদ্দিনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।
মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান।
