
দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে রাত ৮টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, এটি ব্যবসায়ীদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগ, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সারা দেশের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত মেনে চলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তবে জনভোগান্তি এড়াতে এই বন্ধের নির্দেশনার বাইরে রাখা হয়েছে বেশ কিছু জরুরি সেবা খাত। সংগঠনটি তাদের বিজ্ঞপ্তিতে সুস্পষ্টভাবে জানিয়েছে, হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে এবং স্বাভাবিক নিয়মে চলবে।
