
চট্টগ্রামের বাঁশখালীতে নিজ মাকে গলা কেটে হত্যার মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রধান আসামি ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাব-৭ ও র্যাব-১৫ এর সহায়তায় পরিচালিত এক যৌথ অভিযানে কক্সবাজারের চকরিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের অভ্যারখীল এলাকার মোজাফফর আহমদের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।
পুলিশ জানায়, গত বছরের (২০২৫ সালের) ৫ জুন বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামে দুবাই প্রবাসী এক ছেলের পাঠানো টাকা নিয়ে ছোট ছেলে কাসেমের সঙ্গে তার মা রেহেনা বেগমের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে পরদিন ৬ জুন সকালে নিজ ঘর থেকে রেহেনা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের পর মা রেহেনা বেগমকে হত্যার দায়ে ছেলে কাসেমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বাঁশখালীর এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিভাস কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল চকরিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে। এতে সার্বিক সহযোগিতা করে র্যাব। অভিযানের সময় নিজ গর্ভধারিণী মাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. কাসেম ও তার স্ত্রী নার্গিস আক্তারকে আটক করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, মাকে হত্যার দায়ে গ্রেপ্তার মো. কাসেম ও তার স্ত্রী নার্গিস আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
