
চট্টগ্রামের পটিয়ায় চাষাবাদ উপযোগী পুকুর খননের অনুমতি নিয়ে প্রকাশ্যে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার মোজাফফরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে এস্কেভেটর দিয়ে মাটি কেটে পাশের অন্য গ্রামের জমি ভরাট করা হচ্ছে।
জানা যায়, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম মাটি কাটা বন্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার পর অসাধু মাটি ব্যবসায়ীরা বিকল্প পন্থা গ্রহণ করেছেন। মোজাফফরাবাদ ছাড়াও উপজেলার ভাটিখাইন, কেলিশহর ও হাইদগাঁও ইউনিয়নে রাতের আঁধারে কৃষিজমির ‘টপসয়েল’ বা উপরিভাগের মাটি কেটে বিক্রির কার্যক্রম চলছে বলেও অভিযোগ রয়েছে।
সরেজমিনে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোজাফফরাবাদ এলাকার ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি পুরোনো পুকুরে এস্কেভেটর দিয়ে গভীরভাবে মাটি কাটা হচ্ছে। কয়েকটি মিনি ট্রাকে করে দ্রুত সেই মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পুকুরে মাছ চাষাবাদের জন্য পাড় ভরাটের অনুমতি নেওয়া হলেও সেই অনুমতির অপব্যবহার করে মাটি বাইরে বিক্রি করা হচ্ছে। এ কাজে তুষার চৌধুরীসহ বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ উঠেছে।
তবে ঘটনাস্থলে উপস্থিত তুষার চৌধুরী মাটি বিক্রির বিষয়টি অস্বীকার করে জানান, তাঁরা কয়েকজন মিলে মাছ চাষের জন্য পুকুরটি লিজ নিয়েছেন। পুকুরটি চাষাবাদ উপযোগী করতেই কেবল খনন করা হচ্ছে।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান জানান, মাটি বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে এ বিষয়ে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
