চকরিয়ায় চিংড়ি ঘেরে আধিপত্য বিস্তারের অভিযোগে গ্রেপ্তার ৫


কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনে মৎস্য ঘেরে আধিপত্য বিস্তারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত চিংড়ি জোনসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কয়েকটি দল তাদের গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম প্রকাশ পুতিয়া (৪৫), রমজান আলী মেম্বার (৩৫), নাসির উদ্দিন (৬০), ছোটন মাহমুদ (২৮) ও জমির উদ্দিন বাবুল (৪২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সাম্প্রতিক সময়ে চকরিয়া উপজেলার চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ বিশেষ নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। এর ধারাবাহিকতায় পরিকল্পিত ও সমন্বিত অভিযান চালিয়ে বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।