পটিয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


চট্টগ্রামের পটিয়া আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান মুখ্য নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন।

জানা যায়, আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য এই কার্যকরী পরিষদের সভাপতিসহ আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও পাঠাগার সম্পাদক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ, সহসভাপতি অ্যাডভোকেট মো. কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী এবং অর্থ সম্পাদক অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন। এছাড়া পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট শাহীনা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং কার্যকরী সদস্য হিসেবে অ্যাডভোকেট আরমান ইসলাম, অ্যাডভোকেট রাজু দাশ ও অ্যাডভোকেট এস এম রফিকুল আলম ওসমানী শপথ নেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সৈয়দ নুর মোস্তফার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মুখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরী, অ্যাডভোকেট মো. ইসহাক, অ্যাডভোকেট আশিষ কুমার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবেশ গুপ্ত, অ্যাডভোকেট মো. হারুন, সুজন কান্তি দেব, অ্যাডভোকেট মুনিরুজ্জাহান মুন্নীসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সিনিয়র আইনজীবীদের মতামতকে গুরুত্ব দিয়ে এবং সবাইকে সঙ্গে নিয়ে পটিয়া আইনজীবী সমিতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। সমিতির সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা। বৃহত্তর স্বার্থে নবনির্বাচিত কমিটিকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।