
চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি অয়েল ট্যাংকারে যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সদরঘাট এলাকায় নোঙর করে রাখা ওই অয়েল ট্যাংকারে এই অভিযান পরিচালনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই অয়েল ট্যাংকারে তল্লাশি চালায়। এ সময় বৈধ কোনো নথিপত্র ছাড়াই মজুত করে রাখা বিপুল পরিমাণ এই জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। পরে অভিযানে নেতৃত্ব দেওয়া সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে অবৈধ তেলসহ ট্যাংকারটি জব্দ করে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা এসব ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
