
সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেলের একটি চালান নিয়ে শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে ‘ইয়ান জিং হে’ নামের একটি জাহাজ। একই দিন রাতে মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানান, ভোরে বহির্নোঙরে পৌঁছানো ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং বা জেটিতে ভেড়ানোর সুযোগ দেওয়া হবে। এ ছাড়া শনিবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, সিঙ্গাপুর থেকে আসা জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় আছে। রাতে মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটিও বিপুল পরিমাণ ডিজেল নিয়ে বন্দরে ভিড়বে।
বন্দর সূত্রে জানা যায়, এর আগে মার্চ মাসে জ্বালানি নিয়ে অন্তত ৩৩টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল। এর মধ্যে বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে ১৫টি, এলএনজি নিয়ে আটটি এবং এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে ৯টি জাহাজ আসে।
