সোনাইমুড়ীতে ‘নতুন বাজার নিউমার্কেট’ উদ্বোধন: সস্তায় পণ্য পেয়ে স্বস্তিতে ক্রেতারা


নোয়াখালীর সোনাইমুড়ীতে উদ্বোধন হলো আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত গ্রামীণ বাজার ‘নতুন বাজার নিউমার্কেট’। দুর্মূল্যের এই বাজারে একেবারে সস্তায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় ক্রেতারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার চাষীরহাট ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী মহাসড়কসংলগ্ন নতুন বাজারে এই মার্কেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চার-পাঁচ কেজি ওজনের তরমুজ বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। আনারস প্রতি পিস ২০ টাকা এবং অসময়েও পাওয়া যাচ্ছে পাকা আম। বড় বড় দেশীয় ও সামুদ্রিক মাছ মিলছে নামমাত্র মূল্যে। এ ছাড়া প্রান্তিক খামারিদের খাঁটি গরুর দুধ, নির্ভেজাল সরিষার তেল, মরিচ, হলুদ, জিরার গুঁড়াসহ নানা ধরনের মসলা পাওয়া যাচ্ছে সাশ্রয়ী দামে। রয়েছে গ্রামে প্রতিষ্ঠিত গার্মেন্টসের তৈরি সস্তা দামের নানা পোশাক। ক্রেতাদের উপচে পড়া ভিড় ও সস্তা দাম দেখে মনে হচ্ছিল যেন ফিরে এসেছে শায়েস্তা খাঁর আমল।

জানা যায়, গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা এই মার্কেটে গ্রামের বিভিন্ন ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের তৈরি পণ্যের পসরা সাজানো হয়েছে। একই ছাদের নিচে মুদি ও কাঁচামালের দোকান, হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টি, ফুচকা-চটপটি, মাছ-মাংস-মুরগি, ফল, কাপড়-জুতা ও ইলেকট্রিক পণ্যসহ সব ধরনের সুবিধা রাখা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বর্ণিল আয়োজনে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

চাষীরহাট উন্নয়ন পরিষদের সভাপতি মহীউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা এবং হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম আমেরিকা-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশে বহুমুখী সংকটের আশঙ্কা প্রকাশ করেন। এই সংকট মোকাবিলায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য সরকারের প্রতি তিনি জোর আহ্বান জানান।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, যুদ্ধের প্রভাবে বাংলাদেশ বড় ধরনের সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে জ্বালানি তেলের ভয়াবহ সংকট চলছে। যুদ্ধের ফলে দেশে বৈদেশিক রেমিট্যান্সের প্রবাহ কমতে পারে, পোশাক রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়তে পারে এবং বেকারত্ব বাড়ার কারণে রাজনৈতিক অস্থিরতাও দেখা দিতে পারে।

আসন্ন এই সংকট মোকাবিলায় গ্রামীণ অর্থনীতিকে উন্নত করার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন তিনি। সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে অতিসত্বর তাঁর পক্ষ থেকে সরকারকে একটি লিখিত প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানান তিনি।

পরে মাগরিবের নামাজের পর দোয়া ও মোনাজাত শেষে অতিথিরা ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও এলাকাবাসীর মধ্যে খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল হক, কানাডাপ্রবাসী শামসুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মফিজ উল্লাহ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সমাজসেবক সিরাজুল ইসলাম, শাখায়ত হোসেন সজল প্রমুখ।