সীতাকুণ্ড উপজেলা বিএনপির ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ডা. কমল কদরকে আহ্বায়ক এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভাটিয়ারীর জলিল এলাকায় আয়োজিত এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহুরুল আলম জহুর ও মো. সালামত উল্লাহ। এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম চৌধুরীকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির সদস্যসচিব মোহাম্মদ মোরসালিন বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠন পুনর্গঠন ও তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলার ১ নম্বর সৈয়দপুর থেকে ৭ নম্বর কুমিরা পর্যন্ত সব কটি ইউনিয়ন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কঠোর নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী৷ তিনি জানান, আন্দোলন-সংগ্রামে ত্যাগী নেতাদের মূল্যায়ন এবং দলকে গতিশীল করতেই এই সময়োপযোগী পরিবর্তন আনা হয়েছে। নতুন এই আহ্বায়ক কমিটির মূল লক্ষ্য আগামী তিন-চার মাসের মধ্যে ঝিমিয়ে পড়া তৃণমূলকে চাঙা করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ ইউনিট গঠন করা।