
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ এসে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ‘এমটি শান গাং ফা জিয়ান’ নামের ওই জাহাজটি ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। এই জ্বালানি তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের দায়িত্বে থাকা সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, এপ্রিলে দেশে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। চলতি মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এপ্রিলে এখন পর্যন্ত দুটি জাহাজ বন্দরে ভিড়েছে। এর আগে শুক্রবার দুপুর ২টায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে প্রথম জাহাজটি আসে। ওই তেলও সরবরাহ করেছে ইউনিপ্যাক।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। এর ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের জ্বালানি আমদানিতে বিরূপ প্রভাব পড়ে। নির্ধারিত সময় অনুযায়ী বেশ কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে না পারায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। উদ্ভূত এই পরিস্থিতিতে বিপিসি ও সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন সংবাদমাধ্যমকে জানান, সর্বশেষ জাহাজটি বন্দরে এসে পৌঁছেছে। এখন নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তেল খালাস কার্যক্রম শুরু হবে।
