
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই আজিমপুর মিয়ারহাটে শ্রীশ্রী মা মগধেশ্বরী মায়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে এক বিশেষ শ্রীমদ্ভাগবদ্গীতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী মিলন সর্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, বিএনপি নেতা মোহাম্মদ বাবর ফারুকী। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. তাপসী ঘোষ রায় এবং প্রধান বক্তা ছিলেন বাগীশিপ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি অধ্যাপক শ্রী বনগোপাল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহিদুল আলম খোকন, মোহাম্মদ আরজু চৌধুরী, মোহাম্মদ কায়সার চৌধুরী, মোহাম্মদ রহিম চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, হাজী গিয়াস উদ্দীন চৌধুরী, যুবদল নেতা সাইমুম ফারুকী এবং ছাত্রদল নেতা কানুন ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বাবর ফারুকী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ ও মেধাবী নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর কার্যক্রমকে সারা দেশে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে সুযোগ পেলে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নকে একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এখানে সব ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান অত্যন্ত নিরাপদে পালন করতে পারবেন। কোনো অন্যায়কারী, অপরাধী বা দুষ্কৃতকারীকে এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
