
চট্টগ্রামের পটিয়ায় জুলাই আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি যুবলীগ নেতা মিজানুর রহমান রনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা এলাকা থেকে শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মিজানুর রহমান রনি কাশিয়াইশ ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ওই এলাকার মৃত বদিউল আলমের ছেলে। পটিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় পৃথক আরও তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, যুবলীগ নেতা মিজানুর রহমান রনি জুলাই আন্দোলনের ঘটনায় পটিয়া থানার তিনটি নির্দিষ্ট মামলার (মামলা নম্বর: ৩৬০/২৪, ৫৪১/২০২৫ ও ৯৮২/২৫) আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াইশের বুধপুরা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে পটিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শনিবার তাঁকে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান রনিকে গ্রেপ্তার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
