ইরানে মার্কিন উড়োজাহাজ ধ্বংসের সংখ্যা বেড়ে ৭


যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি এফ-১৫ই এবং একটি এ-১০ যুদ্ধবিমান গতকাল শুক্রবার পৃথক ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধে ধ্বংস হওয়া মার্কিন সামরিক উড়োজাহাজের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে।

জানা যায়, গত ২ মার্চ কুয়েতের আকাশে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে এই তিনটি যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যের সবাই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

গত ১২ মার্চ ইরাকের আকাশসীমায় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন বিমানবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। ওই একই ঘটনায় প্রায় একই ধরনের দ্বিতীয় আরেকটি উড়োজাহাজ পার্শ্ববর্তী একটি দেশে নিরাপদে জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতে থাকা মার্কিন বিমানবাহিনীর একটি ই-৩ সেন্ট্রি উড়োজাহাজ সম্পূর্ণ ধ্বংস হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই হামলায় মার্কিন বিমানবাহিনীর আরও একটি রিফুয়েলিং উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমানঘাঁটিতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্টদের ধারণা, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার হামলায় যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই জরুরি অবতরণের ঘটনা ঘটে।