মিয়ানমারে ডিজেল পাচারকালে ৮ রোহিঙ্গাসহ আটক ১২


মিয়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ছয় হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক ব্যক্তিদের মধ্যে আটজন রোহিঙ্গা নাগরিক এবং বাকি চারজন বাংলাদেশি। শনিবার (৪ এপ্রিল) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক চার বাংলাদেশি হলেন—চট্টগ্রামের বাকলিয়া থানার চর চকতাই এলাকার মো. ফজলুল করিমের ছেলে আবদুল মান্নান, কক্সবাজারের রামু থানার হিমছড়ি ৬ নম্বর ওয়ার্ডের মো. ইসলামের ছেলে মো. সাকিব, টেকনাফ থানার শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের রাহমতুল্লাহর ছেলে মো. সাকের এবং উখিয়া থানার টেংখালী ৫ নম্বর ওয়ার্ডের মো. হাসিমের ছেলে সৈয়দ আলম।

অন্যদিকে, আটক আট রোহিঙ্গা নাগরিক কক্সবাজারের ১৫ নম্বর ক্যাম্পের জামতলী গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন—আবু তালেবের ছেলে আবু তাহের, আবদুল বাহবুবের ছেলে সৈয়দ হোসেন, আবদুল জাব্বারের ছেলে এনামুল হাসান, আনু মিয়ার ছেলে হামিদুল হক, ফখরুদ্দিনের ছেলে মো. সাকের, দিল মোহাম্মদের ছেলে মো. আয়াস, কালুমিয়ার ছেলে মোহাম্মদ ফারুক এবং আনসুল হোসেনের ছেলে মো. পরান।

অভিযানের বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি নৌযানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ছয় হাজার লিটার ডিজেল, গ্যাসভর্তি ছয়টি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত নৌযানসহ চারজন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা ডিজেল, গ্যাস সিলিন্ডার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।