লোহাগাড়ায় মহাসড়কে ক্ষতবিক্ষত লাশ, দুর্ঘটনা নাকি হত্যা নিয়ে ধোঁয়াশা


চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কের ওপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গুরুতর বিকৃত অবস্থায় থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন জানান, মহাসড়কের মাঝখানে পড়ে থাকা লাশটি দেখে প্রাথমিকভাবে তাঁদের সন্দেহ হয় যে এটি কোনো মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরিণতি হতে পারে। ভারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে লাশটি মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে। তবে স্থানীয় কারও কারও ধারণা, অন্য কোথাও হত্যার পর খুনিরা লাশটি এখানে ফেলে রেখে যেতে পারে। তাই তদন্তের আগে নিশ্চিতভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।