দীঘিনালায় বিঝু উৎসব উদ্‌যাপনে সেনাবাহিনীর আর্থিক সহায়তা


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন ঐতিহ্যবাহী বিঝু উৎসব উপলক্ষে ৯টি উদ্‌যাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৫ এপ্রিল) সকালে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবী টাইগার্স) দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা প্রদান করা হয়। উৎসবটি সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে এই অনুদান দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন (এসইউপি, পিএসসি), মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি), ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. জয়নুল আবেদিনসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিঝু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের উৎসব উদ্‌যাপনকে আরও উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন বিঝু উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত থেকে দীঘিনালা জোনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।