ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষে মিলল ছাত্রদল নেতার লাশ, অচেতন আরেক যুবক


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামের আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হেঁয়াকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল আনোয়ার টিপু স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। তিনি হেঁয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার ছিলেন। অন্যদিকে, আহত যুবক মো. আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডায়াগনস্টিক সেন্টার খুলতে এসে একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান কর্মচারীরা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হয়। পরে লোকজনের সহায়তায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করলে রাশেদুল আনোয়ার টিপুকে মৃত অবস্থায় এবং মো. আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁদের উদ্ধার করে হেঁয়াকো জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষ্মী বালা নম বলেন, “সকালে অফিস খুলে দেখি রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে স্থানীয়দের ডেকে এনে তালা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে উদ্ধার করি।”

হেঁয়াকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল রুহানী জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাশেদুল আনোয়ার টিপুকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর যুবক মো. আরমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, তালাবদ্ধ কক্ষ থেকে একজনের মরদেহ ও অপর এক অচেতন যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।