মানিকছড়িতে পাহাড় কাটার মহোৎসব: প্রশাসনের অভিযানে দুটি এক্সকাভেটর জব্দ


খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার মহোৎসব চলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনরাত পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি পাহাড়খেকো চক্র। তথ্য রয়েছে, গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও থামানো যাচ্ছে না তাদের।

এরই ধারাবাহিকতায় গত কয়েক দিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিলেন মো. মনির হোসেন নামের এক ব্যক্তিসহ আরও কয়েকজন। খবর পেয়ে রোববার (৫ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অভিযানে মাটি কাটার দুটি এক্সকাভেটর জব্দ করা হয়। এ সময় পাহাড় কাটায় জড়িত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

অভিযানকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা জানান, ঘটনাস্থলে বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে এবং দুটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িত মো. মনির হোসেনসহ অন্যদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে এ সময় স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন এবং মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম উপস্থিত ছিলেন।