
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মাতামুহুরী নদী থেকে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ভেঙে অকেজো করে দিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ইউনিয়ন ভূমি তহসিলদার, চকরিয়া থানা-পুলিশের একটি দল এবং আদালতের পেশকার উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব জানান, কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে বেশ কিছুদিন ধরে উপজেলার বরইতলী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মাতামুহুরী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে নদীর তিনটি পয়েন্ট থেকে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মো. রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
