
কক্সবাজারের চকরিয়ায় রেললাইনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিকল্প সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রেললাইন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কর্তৃক দেওয়া আশ্বাস মোতাবেক জনগণের চলাচলের জন্য এই বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। বিকল্প সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের হাজারো মানুষ।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে চকরিয়া রেল স্টেশনসংলগ্ন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কাশেমআলী মিয়াজীপাড়া এলাকায় শত শত নারী-পুরুষ ও ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী জানান, দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণের সময় চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাঝখানে চলাচলের সড়ক ব্যাহত হয়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন একটি বিকল্প সড়ক নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো সেই সড়ক নির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকাবাসীর দাবি, বিকল্প সড়ক নির্মাণে নির্ধারিত ব্যয় বরাদ্দ থাকার পরও তমা কোম্পানির গাফিলতির কারণে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে না। যার কারণে স্থানীয় কাশেমআলী ও মিয়াজীপাড়ার এই দুই গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
মানববন্ধনে কলেজছাত্র দিদারুল ইসলাম জানান, এই পথ দিয়ে প্রতিদিন দুই গ্রামের শত শত জনসাধারণ এবং শিক্ষার্থীরা চলাচল করে আসছেন। বর্ষাকালে এই সড়কে কোমর পর্যন্ত পানি জমে থাকে। এরই মধ্যে তিন বছর আগে রেললাইন নির্মাণকাজ করার জন্য এই সড়কের ওপর অস্থায়ী ক্যাম্প নির্মাণ করেছিল ঠিকাদার তমা কোম্পানি। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পর তড়িঘড়ি করে টাকার বিনিময়ে কৌশলে ক্যাম্পটি ভেঙে ফেলার শর্তে এলাকার কতিপয় দখলবাজ চক্রকে সেটি ইজারা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এলাকাবাসীর অভিযোগ, এক বছরের বেশি সময় আগে রেললাইন নির্মাণকাজ শেষ হলেও অদ্যাবধি ক্যাম্পটি অপসারণ করা হয়নি। এ অবস্থায় ওই ক্যাম্পটির কারণে জনগণের উন্মুক্ত চলাচলের জন্য বিকল্প সড়কটি নির্মাণ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ভুক্তভোগী জনসাধারণ রেললাইনের জায়গা থেকে দখলবাজদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিকল্প সড়কটি নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মাহবুবুল আলম, সমাজের সর্দার নূর হোছাইন, আব্দুল কাদের, নুরুল কবির, শিক্ষার্থী দিদারুল ইসলাম এবং মোর্শেদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া মানববন্ধনে দুই গ্রামের শত শত নারী-পুরুষ ও আবালবৃদ্ধবনিতা উপস্থিত ছিলেন।
