
‘সন্দেহজনক হাম’ বা হামের উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে অতিসংক্রামক হামে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এসব মৃত্যুর বেশির ভাগই ঢাকা বিভাগে ঘটেছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ২১ শিশুর মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হাম বা উপসর্গে মৃত্যু হয়েছে ১২৮ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ৯ জনই ঢাকা বিভাগের। অন্য দুজনের মৃত্যু হয়েছে রাজশাহী ও সিলেট বিভাগে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪১টি শিশু এবং নতুন করে হাম শনাক্ত হয়েছে ২২৪ জনের। এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত মোট শিশুর সংখ্যা ১ হাজার ৩৯৮ জন। আর সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৮৮৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৪ হাজার ৬৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় ‘সন্দেহজনক হাম’ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ২৫৬ জন। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে ৬৫ জন, বরিশাল বিভাগে ৫০ জন, সিলেট বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৭ জন ও ময়মনসিংহ বিভাগে ১৫ জন।
সন্দেহজনক হাম নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৫৮৫ জন ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৮ জন ও চট্টগ্রাম বিভাগে ৯৯ জন হাসপাতাল ছেড়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জন রোগী হাসপাতালে এসেছে। এ নিয়ে গত ২৪ দিনে হাসপাতালে আসা ৯ হাজার ৮৮৩ জনের মধ্যে ভর্তি করা হয়েছে ৬ হাজার ৮৮৩ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৪ হাজার ৬৩৫ জন।
