
চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে অটোরিকশা দুটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।
জানা গেছে, মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী মিজি বাড়ির সামনে থেকে একটি এবং মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার বজল মাস্টার বাড়ির উঠান থেকে আরেকটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। চুরি হওয়া সিএনজি অটোরিকশা দুটির মালিক হলেন মিরসরাই পৌরসভার বাসিন্দা আব্দুল মান্নান এবং মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার বাসিন্দা শহিদুল আলম।
ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, সোমবার রাতের কোনো একসময় চোরেরা কৌশলে তাঁর সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি টের পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। তবে সম্ভাব্য বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও গাড়িটির কোনো সন্ধান পাননি তিনি।
আরেক ভুক্তভোগী শহিদুল আলম আক্ষেপ করে বলেন, গত ঈদের আগে এক লাখ টাকা ঋণ নিয়ে নিজের শেষ সম্বল সিএনজিচালিত অটোরিকশাটি মেরামত করেছিলেন তিনি। এখনো ঋণের পুরো টাকা পরিশোধ করতে পারেননি। এই গাড়ির আয় দিয়েই তাঁর পুরো পরিবার চলত। আয়ের একমাত্র উৎসটি হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে শহিদুল আলম বলেন, এখন তিনি কী করে সংসার চালাবেন, তা ভেবে পাচ্ছেন না।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় তাঁরা থানায় অভিযোগ পেয়েছেন। পুলিশ চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং গাড়ি উদ্ধারে কাজ করছে।
